খুব ক্ষতি কি?
শুভ্রা ভক্ত
আর যদি রোদ নাই বা মাখি,
অনেক দূরের কল্পনা মেঘ
পাশে যদি নাইবা রাখি,
খুব ক্ষতি কি তাতে?
নিরপরাধী হৃদয়টা কে
সোনাঝুড়ির সবুজ ছায়ায়
একটু যদি জিরিয়ে রাখি
খুব ক্ষতি কি তাতে?
আকাশ যদি নাই ছুঁতে চাই,
গালের ওপর বৃষ্টি ফোঁটায়
আর যদি মন নাইবা ভেজাই,
খুব ক্ষতি কি তাতে?
কোপাই নদীর শান্ত স্রোতে
হলুদ শাড়ির আঁচল ঘিরে
একলা যদি উল্লাসিত হই,
খুব ক্ষতি কি তাতে?

No comments:
Post a Comment