কল্পরূপ // বদরুদ্দোজা শেখু
---------------------------------------------------------
আবছা আলোয় নিথর যখন ঊষার শিশির ধোয়া
রাত-পোহানো হিমেল হাওয়ার একটুখানি ছোঁয়া ,
আলতো পায়ে আলগা গায়ে ফুলের সাজি হাতে
দাঁড়াও এসে ঘুমের বেশে আমার আঙিনাতে ,
ছড়াও মুখে একটুখানি পরীর মতো হাসি ।
এমন রূপেই তোমায় আমি দেখতে ভালবাসি ।।
পাখির ডাকে ক্লান্ত বিবশ নামবে যখন সাঁঝ
আমার ফেরার সময় হবে সেরে দিনের কাজ ,
নতুন বধূর শিরিন-সাজে জ্বালবে চেরাগ ঘরে
উৎকণ্ঠায় ঘনঘন চাইবে পথের পরে
ব্যস্ত ব্যাকুল চাউনি চোখের পিয়াসী অভিলাষী ।
এমন রূপেই তোমায় আমি দেখতে ভালবাসি ।।
দিলের দরদ কোথায় কাঁদে সবাই কি তা বুঝে ?
সারা জীবন ব্যর্থ হলো মনের মানুষ খুঁজে'--
শরম দিয়ে মরম দিয়ে , দিয়ে হিয়াঞ্জলি
উজাড়-করা প্রেমের পসরা যেও-না যেন দলি ,
তোমার বুকের ফুলদানিতে যেন না হই বাসি ।
এমন রূপেই তোমায় আমি দেখতে ভালবাসি ।।
কোরাণ পুরাণ দ্যায়নি তোমায় সাম্য স্বাধীনতা ,
দিয়েছে সোনায় শৃঙ্খলিত দাসত্বের কুপ্রথা ।
ঘরে বাইরে সমান সাম্য স্বাধীনতার সাথে
নিজের পায়ে দাঁড়াও তুমি আপন প্রতিভাতে--
মেধায় মনে কর্মে যাতে হাঁটবে পাশাপাশি ।
এমন রূপেই তোমায় আমি দেখতে ভালবাসি ।।
চাই না শুধু জনম জনম পথের পাওয়া কাঁদন
ছিন্ন করি রীতি-প্রথার বিধিবদ্ধ বাঁধন
অন্তরঙ্গ তোমার পরশ খোরাক দিবে মনে
সৃষ্টি-সুখের বৃষ্টি দিবে মরুর হুতাশনে--
রইবে তবু তুমি আমার বুকের বিষের বাঁশি ।
এমন রূপেই তোমায় আমি দেখতে ভালবাসি।।
এমনি রূপেই তোমায় আমি ভাবতে ভালবাসি
এমনি রূপেই তোমায় আমি দেখতে ভালবাসি ।।
( ৩২ পঙ্ক্তি )
No comments:
Post a Comment