তপন সাহার দুটি কবিতা--

তপন সাহার দুটি কবিতা--
এলোমেলো সুখ
সময় পেলেই তোমার সুখগুলোকে আদর করে হাত বোলাই এখন।
এখনো কিছু সুখ ছড়িয়ে-ছিটিয়ে এখানে ওখানে।
সময় পাওনি বুঝি ?
মাঝে মাঝে মনে হয় সেগুলোকে আলতো
করে তুলে রাখি শিমূল তুলোর চাদরে ঢেকে।
গুছিয়ে রাখি পরিপাটি করে।
আসলে চারণার ঐ স্মৃতিগুলোই তো আমার
চোখের জল জমে জমে মুক্ত হয়ে ওঠা সুখ।
নুনচুরি
বিকেলের আয়েশী হাওয়ায় ফিরতে ফিরতে
আকাশের কোলের মেঘটা
বড়ো বেশি বিষন্ন হয়ে উঠতো এক একদিন।
আকাশনীল শাড়ীর গিঁট খুলে নীল জ্যোৎসা
কেড়ে নিত কেউ কেউ।
অস্তিত্ব পোড়ার আগুনে পথ পাহারা দিত,
চেনা অচেনার ঘামের গন্ধ শুঁকতো
ছোট ছোট ছায়াগুলো।
চৌকাঠে পা রাখলেই খুলে যেত ছিটকিনি।
প্রদীপের নীচের অন্ধকারের সাথে
চোখ মেলাতো আমার মা।
বুকের হাঁপ টানতে টানতে বৃদ্ধবাবা
টান-টান হতেন বিছানায়।
আর আমরা,তিনটি সশরীরী ছায়া
ঘেঁষাঘেঁষি বসতাম মাত্র একটি থালার মুখোমুখি,
চোখের নুন চুরি করতে করতে।
No comments:
Post a Comment