কাজল সেনের কবিতা--

কাজল সেনের কবিতা--
যখন চাঁদ উঠেছিল
যখন চাঁদ উঠেছিল ফুল ফুটেছিল
কদমতলায় কেউ ছিল না
গাছেদের ছায়ারা শুধু অলস হাতে তুলেছিল
সুগন্ধী বকুল
এ কেমন গন্ধ এ কেমন ফুল
কাছাকাছি শিমুল গাছে তখন জমেছিল মৌ
আসলে এ সবই কথার কথা
কথার ছলে রূপকথা
না হলে যখন ধানক্ষেতে সূর্যস্নান সেরে
গমক্ষেতে উড়ে যাচ্ছিল একলা শালিখ
পশ্চিমি ঝঞ্ঝা একটু একটু করে পরিবর্তিত হচ্ছিল পূর্ব ঝঞ্ঝায়
গোল্লাছুট খেলতে খেলতে গোল্লায় যাচ্ছিল দাদু দিদিমারা
বিমানবন্দর তখনও ঠিকঠাক গড়ে ওঠেনি
রানওয়ে হয়নি পাকাপোক্ত
সদাশয় মহাশয়রা গা ঝাড়া দিতেই ব্যস্ত
আর ঠিক তখনই নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে
বহুতল আবাসনে ঢুকে পড়েছিল
নীলাভ পর্বতারোহীদের রুকস্যাক
No comments:
Post a Comment