যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা

Tuesday, 6 October 2020

তৈমুর খানের কবিতা--

 

তৈমুর খানের কবিতা-- 

একটি যুগ


 তোমার ইচ্ছেগুলি বাঁক ফিরছে 

কথাময় চেতনার পারে 

দূর্বাজল ঝিকিমিকি সুরে 


এখানে সঙ্গম বড়ো অহমিকার 

খর শর 

ঝরে যাচ্ছে অবনত জীবনক্ষেত্র তলে  ।

যারা সমাধানের বার্তা দেয় 

আলো ও হিংসায় টান রেখে 

তারা শান্তির জ্যামিতি বোঝে না  ।

শুধু অস্পষ্ট কাহিনির ভেতর 

একটি আদিম কৌতূহল রেখে দেয়  ।

আর সচরাচর বহ্নিবিন্যাসে 

দুর্গ নির্মাণ করে  ।


বহু অভিজ্ঞতার পথ অতিক্রম করে 

আমরা পেরিয়ে আসি একটি যুগ 

যে যুগে সভ্যতা এখানে প্রখর হত্যায় ঢাকা 

অথবা রক্তের স্বাদে জীবনের মিছিল সাজায়  ।


সন্ন্যাস

------------------------


প্রতিরাতে ওর সিঁথিতে সিঁদুর দিই

ঢেউ খেলানো চুলের অন্ধকারে

হেঁটে যাই নিহত স্বপ্নের দিকে


চাঁদ চেয়ে থাকে ওর জানালায়

এখনও নক্ষত্ররা জ্বলে,

হাওয়া বয় দীর্ঘ ক্লান্তির রাতে


নৈঃশব্দের ডাকে জেগে উঠি

জাগরণ বাঁশি হয়ে বাজে,

উদাসীন শিহরনের স্পর্শ দেয়


ওর নরম মুখের ঘ্রাণ চুম্বন পাঠায়

ভেজা ঠোঁটের মতো জলবায়ু

আমাকে আজন্ম সন্ন্যাস করে রাখে


মোকাবিলা

---------------------------------


দেয়ালে পিঠ ঠেকে গেছে 

এবার ঘুরে দাঁড়াচ্ছি 


যারা অস্ত্র ও আগুন নিয়ে সামনে দাঁড়িয়ে আছ 

তারা শুনে যাও : এটাই সেই মুহূর্ত মৃত্যুকে আলিঙ্গন করার 


আমাদের ধৈর্য ভেঙে পড়ছে 

আমাদের সহিষ্ণু আত্মারা অসহ্য হয়ে উঠছে 

আর ভয় দেখিও না 

আর তরবারি দেখিও না 

আমরা পাথর হয়ে উঠছি এখন


1 comment: