সেই অলীক মাছটি
গৌরী মৈত্র
এই কঠিন দুপুরে জলের কাছে এসে দাঁড়াই,
দূরে দাঁড়ের মাথায় হেলান দিয়েছে রোদ;
নদীর বর্নালী মেয়ে হাতে নিয়ে লাফদড়ি
এদিক সেদিক দোলে চ্ছলাৎ চ্ছলাৎ চ্ছল--
ঢেউয়ের ভাঁজে ভাঁজে চলে এক অন্বেষণ,
বয়ে যায় চিতাভষ্ম, পোড়াকাঠ,ফুল বেলপাতা,
কার দীর্ঘশ্বাস নিয়ে জলের তলে পড়ে থাকে আধুলি ;
কার জন্য? কীসের কারণে এত সব আয়োজন?
এই সব প্রশ্নরাই সার সার মাথা নীচু করে থাকে,
কাঁকড় আর বালির মধ্যে জলের কোন অতলে !
খোঁজে অলীক মাছটি, যার সোনালী পাখনা
রূপোলী আঁশের আলো--ধরা দেয়নি কখনো ;
শুধু টুক করে ডুবে যাওয়া দুঃখ, কী জানি কীসের,
খোঁজে কঠিন দুপুর ঠেলে সেই অলীক মাছটিকেই
No comments:
Post a Comment