মনীষা কর বাগচীর দুটি কবিতা--
রূপ নিয়ে হুড়োহুড়ি দেখে এলাম এ যাবত
শুধু রূপ চাই রূপ...
ফর্সা চামড়া, টিকালো নাক, কালোহরিণ চোখ, ঘনমেঘ চুল, ভ্রমরকালো ভ্রু,
মুক্তা ঝরানো হাসি, একবার দেখে যেন মনে হয় একেই ভালোবাসি...
"দেখে যেন মনে হয় এ যেন গো সত্য নয়"...সত্য হলেই বা কী?
তার রূপের মাধুরী চেটেপুটে খাও,
কখনও কেউ দেখতে চেওনা আলোর পিছনে আছে কতটা অন্ধকার...
দেখতে চেওনা কেউ অপরূপ চেহারার আড়ালে তার
কোমল মনটি যন্ত্রণায় কেমন নীল হয়ে থাকে...
কেমন তিতরবিতর হয় তার ছোট্ট ছোট্ট আশা,
ভালোলাগারা ক্ষতবিক্ষত হয়ে ভূতলে লুটিয়ে কেমন কাঁদে
অকালে ঝরে যায় তার কত অধুরা স্বপ্ন...
জানতে চেও না কেউ
কেমন করে সে শরীরে ফুল ফোটায় , কেমন করে থাকে চুপ
আর কিচ্ছুনা, দেখে যেও শুধু তার রূপ...!!
বসন্ত এসেছিল একদিন
হঠাৎ করে আগুন রঙে ভিজে গেল চৌহদ্দি
বেজে উঠলো বীণা
সেজে উঠলো ডালি
বসন্ত এসেছিল সেদিন...
পেঁজা মেঘের স্পর্শ
পলাশের ডাক
চাঁদের আনাগোনা
পালক পালক হাওয়া
নিরাদরে বিষন্ন...!
শুধু শুকতারাটি টিমটিম করে জ্বলছে এখনও
বসন্ত যদি আবার আসে ফিরে...!
No comments:
Post a Comment