আমার দুটি তারা
দ্বৈতা হাজরা গোস্বামী
একটা তারা আল্হাদি খুব, একটা অভিমানী
একটা যখন গোপন থাকে আরেকটা হাতছানি
একটা তারা হাসতে বলে, অন্য্ বলে - না না
ইচ্ছে হলে একলা কেঁদো, কান্না লুকিও না
একটা তারা এগিয়ে দেয় উত্তরে কিছুটা
অন্য তারা প্রশ্ন করে - নেই কোনো পিছুটান ?
একটা লেখে জন্ম আমার আরেকটা জন্মান্তর
একটা রূপের আদল চেনায় আরেকটা রূপান্তর
একটা কাঁদায় , একটা হাসায় শোকে এবং শ্লোকে
আমার দু'টি তারার বসত তোমার দু'টি চোখে
No comments:
Post a Comment